যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা
খেলা ডেস্ক
630
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৪ | ০৮:০১:০০ এএম
ফাইল-ফটো
শুরুর ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের যুবাদের সামনে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে, সুপার সিক্সে যেতে হলে জিততে হবে পরের দুই ম্যাচ। আশিকুর রহমান-আরিফুল ইসলামরা সেটাই করে দেখিয়েছে। আয়ারল্যান্ডের পর আজ যুক্তরাষ্ট্রকে ১২১ রানে উড়িয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। গুরুত্বপূর্ণে ম্যাচে আরিফুলের অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশকে এনে দিয়েছে সহজ জয়।
শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে পারে শিবলি-আরিফুলরা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের বড় জয় পায় জুনিয়র টাইগাররা।
শুরুটা অবশ্য খারাপ ছিল না যুক্তরাষ্ট্রের। ১৩ বলে ৫ রান করে ওপেনার মেহতা রান আউটের শিকার হলেও দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন প্রণব চেটিপালায়াম ও সিদ্ধার্থ কাপ্পা। তাদের ৭৫ রানের জুটি ভেঙে দেন আরিফুল ইসলাম। ৪৪ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন কাপ্পা। অপরপ্রান্তে দাঁড়িয়ে ফিফটি তুলে নেন প্রণব। ৯০ বলে ৮ চারের মারে ৫৭ রান করে তিনি রান আউটের শিকার হন। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরতে ব্যর্থ হন অধিনায়ক রিশি রমেশ। ২২ বলে ৮ রান করে তিনি মোহাম্মদ রাফিউজ্জামান রাফির শিকার হন।
পঞ্চম উইকেটে দলের ভরসা হয়ে দাঁড়ান উতকার্শ শ্রীভাস্তভা। ৪৯ বলে ৩৭ রান করে তিনি দলের সংগ্রহ দেড়শ পার করে দেন। কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটা ফসকে যায়। শেষ ১০ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৩৯ রান। সে অসম্ভবের পথে হাঁটতে পারেনি যুক্তরাষ্ট্র। মাহফুজ রাব্বি, পারভেজ জীবন ও ইকবাল হোসেনের ইমনের বোলিং তোপে বাকি ৫ ব্যাটার শেষ ১০ ওভার পুরোপুরি খেলতেই পারেনি।
বল হাতে ৪ উইকেট শিকার মাহফুজুর রহমান রাব্বীর। একটি করে উইকেট নিয়েছেন শেখ পারভেজ, রাফি উজ্জমান, ইকবাল হোসেন এবং আরিফুল ইসলাম।
এর আগে সুপার সিক্স নিশ্চিতের মিশনে প্রথমে ব্যাট করা বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন আরিফুল। ১০৩ বল মোকাবিলায় ৯ চারের মারে ১০৩ রান করেন তিনি। চলতি আসরে কোনো টাইগারের পক্ষে যেটি প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া আহরার আমিন ৪৪, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৫ ও মোহাম্মদ শিহাব জেমস ৩১ রান করেন। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে ৬৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন আর্য গার্গ।
৯৪ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন আরিফ ও আহরার আমিন। ৪৯ বলে ৪৪ রানে আহরার থামলেও, ৯৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আরিফুল। ৪৬তম ওভারে আউট হবার আগে ৯টি চারে ১০৩ বলে ১০৩ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৯১/৭ (আশিকুর ২৭, আদিল ১৩, রিজওয়ান ৩৫, আরিফুল ১০৩, আহরার ৪৪, শিহাব ৩১, মাহফুজুর ২, পারভেজ ১৩*, রাফি ৭*; গার্গ ১০-০-৬৮-৩, সুব্রামানিয়ান ১০-০-৫০-১, নাদকার্নি ১০-০-৬১-২, ভালালা ৭-০-৪-১০, পার্থ ৮-০-৪০-১, শ্রিভাস্তব ৫-০-২৮-০)
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ১৭০ (প্রানাভ ৫৭, মেহতা ৫, সিদ্ধার্থ ১৮, রামেশ ৮, শ্রিভাস্তব ৩৭, আরিপালি ১৪, পার্থ ০, ভালালা ১২, নাদকার্নি ০, সুব্রামানিয়ান ০, গার্গ ০*; ইকবাল ৪.১-১-১০-১, মারুফ ৪-১-২২-০, পারভেজ ১০-১-২৬-১, রিজওয়ান ৪-০-১৮-০, রাফি ১০-০-৪২-১, আরিফুল ৫-০-১৫-১, মাহফুজুর ১০-০-৩১-৪)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আরিফুল ইসলাম
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
