ভোলা রবিবার
০৮ নভেম্বর ২০২৬
০৪ নভেম্বর ২০২৬

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
12

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬ | ০১:১১:১৫ পিএম
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে সমুন্নত রাখা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় ইসলামিক ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

 

ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন, কালুপুর, ভোলার সিনিয়র মেডিকেল অফিসার ও মিশন প্রধান ডা. হুমায়ুন কবীর, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি এটিএম রুহুল আমিন এবং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভোলা জেলার ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলায় কর্মরত ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুল ইসলাম ও মোঃ মাইনুদ্দিন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় ও ইসলামিক মিশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকার ইমাম ও খতিববৃন্দ এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং অগ্রগতির অন্যতম ভিত্তি। দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

 

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এ ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান, ইমাম-খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার মোঃ রিয়াজ উদ্দিন।

 


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও